পাক সীমানা বন্ধ রাজস্থানে, পুলিশের ছুটি বাতিল পাঞ্জাবে

0
197
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
অপারেশন সিঁদুর-র পর সতর্কতা মূলক পদক্ষেপ হিসাবে এবার পাকিস্তানের দিকে সীমান্ত বন্ধ করেছে রাজস্থান। পাশাপাশি পুলিশকর্মীদের ছুটি বাতিল করেছে পাঞ্জাব সরকার।
পাকিস্তানের সঙ্গে ১ হাজার ৩৭ কিলোমিটার সীমান্ত ভাগ করে রাজস্থান। সেখানেই কোনও সন্দেহজনক কার্যকলাপ দেখলেই সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় বিমান বাহিনীও কড়া নজরদারি রেখেছে। পশ্চিমাঞ্চলীয় সেক্টরে আকাশে যুদ্ধবিমান টহল দেওয়ার জন্য যোধপুর, কিষাণগড় এবং বিকানের বিমানবন্দর থেকে শুক্রবার পর্যন্ত বিমান চলাচল স্থগিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানা গেছে। বিকানের, শ্রী গঙ্গানগর, জয়সলমীর এবং বারমের জেলার স্কুলগুলি বন্ধ রাখা হয়েছে। পুলিশ এবং রেল কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
সীমান্তবর্তী গ্রামগুলিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তের কাছে ড্রোন-বিরোধী ব্যবস্থাও সক্রিয় করা হয়েছে। জয়সলমীর এবং যোধপুরে মধ্যরাত থেকে ভোর ৪টা পর্যন্ত ব্ল‍্যাকআউটের নির্দেশ জারি করা হয়েছে। সীমান্তে উত্তেজনার কারণে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করেছেন।