
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে তালেবান সরকারকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনির।
তিনি বলেছেন, আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে,এটি অবিলম্বে বন্ধ করতে হবে। অ্যাবোটাবাদের পাকিস্তান মিলিটারি একাডেমিতে এক প্যারেড অনুষ্ঠানে আসিম মুনির বলেছেন, আফগান জনগণকে সহিংসতার পরিবর্তে শান্তি ও নিরাপত্তা বেছে নিতে হবে।ওদিকে,সাম্প্রতিক সংঘর্ষের পর দু’ দেশের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি বাড়ানো হলেও উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি। সেনাপ্রধান বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সবসময় প্রস্তুত। ভারত প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, পরমাণু অস্ত্রধারী অঞ্চলে যুদ্ধের কোনো সুযোগ নেই।
তার হুঁশিয়ারি,যদি কেউ শত্রুতা শুরু করে, পাকিস্তান প্রত্যাশার চেয়েও বেশি শক্ত প্রতিক্রিয়া দেখাবে।অসিম মুনির বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী দু’ দশকেরও বেশি সময় ধরে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সফলভাবে লড়ে এসেছে। এখনো দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের সহায়তায় সন্ত্রাস দমনে কাজ করছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে।
