
কোচবিহারের দিনহাটায় ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার হয়েছে পাকিস্তানে তৈরি মর্টার শেল। তা ঘিরেই উত্তেজনা ছড়িয়েছে। দিনহাটার বাংলাদেশ সীমান্ত লাগোয়া চৌধুরিহাট এলাকায় এক কৃষক জমি খোঁড়ার সময় মাটির নিচে শেল পোঁতা দেখে সাহেবগঞ্জ থানায় পুলিশে খবর দেন।
এরপরেই সেনাবাহিনীকে খবর পাঠানো হয়। বুধবার সকাল থেকে মর্টারটি দেখার জন্য বহু মানুষ ভিড় করেন। উদ্ধার হওয়া মর্টারটি থেকে যাতে কোনও বিপদ না হয় সেজন্য নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। বিন্নাগুড় থেকে সেনাবাহিনীর লোকজন সেখানে পৌঁছয়। সেনাবাহিনী বম্ব স্কোয়াডও এলাকায় পৌঁছয়।
প্রাথমিকভাবে অনুমান ১৯৭১-র বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পাক সেনাবাহিনীর লড়াই হয়েছিল। সম্ভবত সেই সময়ই ফেলা মর্টারটি না ফেটে মাটিতে ঢুকে গিয়েছিল।
