
রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ভারতের বিরুদ্ধে যুদ্ধ উন্মাদনা বজায় রাখার অভিযোগ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁকে কড়া ভাষায় আক্রমণ করে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি পেটাল গহলট বলেছেন, অযৌক্তিক নাটক সাজাবেন না।
গোটা বিশ্ব জানে পাকিস্তান কী করে। সারা বছর ভারতের বিরুদ্ধে জঙ্গি নাশকতা চালিয়ে যুদ্ধ উন্মাদনা চালিয়ে যায়। ভারতীয় সময় শুক্রবার গভীর রাতে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের সভায় ভাষণ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শরিফ। যুদ্ধ বিরতি উপেক্ষা করে ভারত যুদ্ধের দামামা বাজিয়ে চলছে বলে অভিযোগ করেছেন। সময় অতিবাহিত না করে জবাব দেওয়ার সুযোগ কাজে লাগিয়েছে নয়াদিল্লি। কয়েক ঘণ্টা পরই পাক প্রধানমন্ত্রীর অভিযোগের জবাব দিতে ওঠেন ভারতের প্রতিনিধি।
নয়াদিল্লির সাফ কথা পাকিস্তান হল সেই দেশ যারা জঙ্গি সরবরাহ করাকে তাদের বিদেশনীতির অংশ করে তুলেছে। পহেলগাঁও থেকে শুরু করে একাধিক ঘটনায় পাকিস্তানের জঙ্গি যোগ সামনে এসেছে। ওসামা বিন লাদেনের মতো প্রসঙ্গ টেনে ভারতের প্রতিনিধি বলেছেন, এমন সন্ত্রাসবাদীকেও পাকিস্তান আশ্রয় দিয়েছিল। দেশটি গোটা বিশ্বের জন্যই বিপজ্জনক।






