
ভারত ঝামেলা চায় না,তবে পাকিস্তান যদি উত্তেজনা সৃষ্টি করে, তা হলে থেমে থাকবে না ভারতও, এমনটাই জানিয়ে দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
জানিয়েছেন, পাকিস্তান অশান্তি বাধানোর চেষ্টা করলে কড়া পদক্ষেপ করবে ভারত।মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন’টি এলাকায় হামলা চালিয়েছে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের একাধিক ঘাঁটি।সেই আবহেই ভোরে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা তথা বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তার পর একে একে কথা বলেছেন ব্রিটেন, সৌদি আরব, জাপান, রাশিয়া এবং ফ্রান্স-সহ বিভিন্ন দেশের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গেও। সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, বিভিন্ন দেশের প্রতিনিধিদের ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল স্পষ্ট জানিয়েছেন, ভারতের অহেতুক উত্তেজনা ছড়ানোর কোনও ইচ্ছা নেই। তবে পাকিস্তান যদি এমন কাজ করে, তবে ভারতও প্রতিশোধ নিতে প্রস্তুত।রুবিও ছাড়াও ব্রিটেনের জোনাথন পাওয়েল, সৌদি আরবের মুসাইদ আল আইবান, সংযুক্ত আরব আমিরশাহির এইচএইচ শেখ তাহনুন এবং জাপানের মাসাতাকা ওকানোর সঙ্গে কথা হয়েছে ডোভালের।জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ‘অপারেশন সিঁদুরে’র পরেই সংশ্লিষ্ট দেশগুলির নিরাপত্তা উপদেষ্টাদের ভারতের করা পদক্ষেপ এবং হামলার পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন।
এ ছাড়া রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর কূটনৈতিক পরামর্শদাতা ইমানুয়েল বনের সঙ্গেও কথা হয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের।





