
ভারত-পাক সংঘর্ষে প্রথম যুদ্ধবিরতির কথা বলেছিল পাকিস্তানই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির কৃতিত্বের কথার দাবি উড়িয়ে এমনই বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
তিনি বলেছেন, ভারত সিন্ধু জলবন্টন চুক্তি ততক্ষণ পর্যন্ত স্থগিত রাখবে, যতক্ষণ না পাকিস্তান সীমান্তে সন্ত্রাস বন্ধ করছে। জয়শঙ্করের মন্তব্য, প্রত্যাঘাত এমন পর্যায়ে পৌঁছেছিল যারফলে ভারত-পাক সংঘর্ষ চলাকালীন পাকিস্তানের ডিজিএমও-র তরফে প্রথম ভারতের ডিজিএমও-র সঙ্গে হটলাইনে যোগাযোগ করা হয়েছিল।
তারপরই ভারত তাতে সায় দিয়েছে শুধুমাত্র। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কাশ্মীর নিয়ে ভারত তখনই আলোচনায় বসবে, যখন সেই আলোচনার বিষয় হবে পাক অধিকৃত কাশ্মীর। তাঁর সংযোজন, পাকিস্তানের সঙ্গে এই সমস্যা আজকের নয়। তাই ওরা যতক্ষণ না পর্যন্ত ওদের সন্ত্রাসবাদের পরিকাঠামো ভাঙছে ততক্ষণ সমাধানের কোনও জায়গা নেই।






