
জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত বরাবর ফের দেখা গিয়েছে পাকিস্তানি ড্রোন। ভারতীয় সেনার তরফে একের পর এক ড্রোনকে লক্ষ্য করে গুলি।
বেশ কয়েকটি ড্রোন ভেঙে পড়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। তাতে বারুদ ছিল বলে জানানো হয়েছে। সামরিক ঘাঁটিগুলোর ওপরে এই ড্রোনগুলি দিয়ে আঘাত করার ছক কষা হচ্ছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। অন্যদিকে ফের পাকিস্তানের সন্দেহজনক নৌকা উদ্ধার হয়েছে গুজরাট উপকূলে।
ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আরব সাগরে নজরদারি চালানোর সময় এই সন্দেহজনক নৌকাটিকে ভেসে থাকতে দেখে। পাকিস্তানের পতাকা লাগানো এই নৌকাটির গায়ে নাম হিসেবে লেখা ছিল আল মদিনা। তাতেই ঘনাচ্ছে রহস্য। নৌকার মধ্যে থেকে বেশ কিছু সন্দেহজনক বস্তু এবং কাগজ পাওয়া গিয়েছে বলে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর সূত্রের খবর। ৯ জন পাকিস্তানিকে আটক করা হয়েছে বলেও জানতে পারা যাচ্ছে।
