
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে তেহরান হরমুজে নিয়ন্ত্রণ ধরে রেখেছে, ফলে বিশ্বজুড়ে যখন জ্বালানি সঙ্কট, সেইসময়ে ভারত নাকি ইরানি তেল নেওয়া দেশগুলোকেও নাকি টার্গেট করার পরিকল্পনা করছে,সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ঘিরে তৈরি হয়েছে বড়সড় বিভ্রান্তি।
এবার কেন্দ্রীয় সরকার এই ভুয়ো ভিডিওর বিরুদ্ধে কড়া সতর্কতা জারি করেছে। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটি ডিপফেক ভিডিও ঘিরে ব্যাপক বিভ্রান্তি তৈরি হওয়ায় কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভিডিওটিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের এক সিনিয়র আধিকারিকের নামে মিথ্যে বক্তব্য ছড়ানো হয়েছে। সরকার জানিয়েছে, এটি সম্পূর্ণ ডিজিটালি বদলে দেওয়া ভুয়ো ভিডিও, যার উদ্দেশ্য ভুল তথ্য ছড়িয়ে আতঙ্ক তৈরি করা।
কেন্দ্র জানায়, পাকিস্তানি প্রোপাগান্ডা অ্যাকাউন্টগুলি এমন একটি ভিডিও ছড়াচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং ইরানি তেল পাওয়া দেশগুলিকেই নাকি টার্গেট করা হবে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে,এমন কোনও কথা ওই আধিকারিক কখনও বলেননি। ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়োভবে তৈরি। বিভ্রান্তি দূর করতে সরকার মূল ভিডিওটি প্রকাশ করেছে। সেখানে মন্ত্রকের ওই আধিকারিক সুজাতা শর্মা শুধু দেশের জ্বালানি সরবরাহ কীভাবে স্থিতিশীল রাখা হচ্ছে, সেই বিষয়ে কথা বলছিলেন।
