
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দার শনিবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের বিদেশসচিব আসাদ আলম সিয়াম।
ঢাকা সফরের সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন-সহ বিভিন্ন নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। অগাস্ট-পরবর্তী বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর ইসহাক দারকে নিয়ে পাকিস্তানের মন্ত্রিসভার তৃতীয় সদস্য ঢাকায় এলেন। গত জুলাইয়ে ঢাকায় আসেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। আর গত বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।
রবিবার পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে একান্তে এবং প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন ইসহাক দার। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে দুই দেশের মধ্যে ছ টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে।





