
দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে নতুন পম্বন রেল সেতুর কাজ সম্পন্ন হয়েছে। তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপকে মূূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্তকারী নতুন পম্বন সেতুতে রয়েছে উলম্ব লিফট। আগামী এপ্রিল মাসের মধ্যেই এই সেতু চালু হওয়ার সম্ভাবনা রয়েছে । প্রায় ৫৩১ কোটি টাকা ব্যায়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে ট্রেন। ১৯১৪ সালে তৈরি পম্বন পুরানো সেতুটিতে ২০২২ সাল থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
মান্নার উপসাগরে পাথর এবং প্রবাল প্রাচীরের উপস্থিতির জন্য বড় আকারের জাহাজ চলতে পারে না। ছোট জাহাজ বঙ্গোপসাগর থেকে আরব সাগরের দিকে যাওয়ার ক্ষেত্রে ওই পথে গেলে অনেকখানি দূরত্ব কমে। তাই প্রায় ৬৪ মিটার লম্বা বাস্কিউল সেতুর দুপ্রান্ত চাকা ঘুরিয়ে উপরে তুলতে হত। তাতে প্রায় ৪৫ মিনিট সময় লাগত। প্রয়োজন হত ১৬ জন শক্তপোক্ত কর্মীর।
নবনির্মিত সেতুর এই অংশের প্রযুক্তি চমকপ্রদ। ওই সেতুর ৭২ মিটার অংশ ভারতের প্রথম ভার্টিকেল লিফট বা উল্লম্বভাবে উত্তোজন করা যায় এমন প্রথম সেতু। মোটর এবং ক্রেনের সাহায্যে মাত্র সাড়ে পাঁচ মিনিট সময়ে জাহাজ চলাচলের পথ খুলে দেওয়া যাবে।
