
পানীয় জল নিয়ে এ বার উদ্বেগ ছড়িয়েছে হরিয়ানায়। সেখানে পালওয়াল জেলার ছায়ানসা গ্রামে একের পর এক মৃত্যু ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।
গ্রামবাসীদের দাবি, গত ১৫ দিনে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচ স্কুলপড়ুয়াও রয়েছে। যদিও সরকারি হিসাবে দু’সপ্তাহে মৃত্যু হয়েছে সাত জনের। কী কারণে একের পর এক মৃত্যু হচ্ছে, তা নিয়েও উদ্বেগে রয়েছেন গ্রামবাসীরা। এলাকাবাসীদের একাংশের দাবি, দূষিত পানীয় জল থেকেই এই ঘটনাগুলি ঘটছে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে সংবাদ সংস্থা জানাচ্ছে, দূষিত পানীয় জলের বিষয়টি একবারে উড়িয়ে দিচ্ছেন না কর্তৃপক্ষ।
পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে খাবারে বিষক্রিয়ার সম্ভাবনাও। আপাতত সব দিক খতিয়ে দেখতে শুরু করেছে হরিয়ানার স্বাস্থ্য দফতর।







