পাপ্পু যাদবের মন্তব্যে বিতর্কের ঝড়

0
67
ছবি সৌজন্যে : এক্স

রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ নিয়ে অত্যন্ত বিতর্কিত ও কুরুচিকর মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন নির্দল সাংসদ পাপ্পু যাদব।

সম্প্রতি লোকসভায় মহিলা সংরক্ষণ বিলের সংশোধনী নিয়ে আলোচনার সময় তিনি মন্তব্য করেন যে, অধিকাংশ মহিলাই কোনও পুরুষ রাজনীতিবিদের ঘরে সময় না কাটিয়ে রাজনীতিতে টিকে থাকতে পারেন না। তাঁর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পাপ্পু যাদব পুরুষ রাজনীতিকদের শকুন বলে অভিহিত করে দাবি করে বলেছেন, আমেরিকা থেকে ভারত, সর্বত্র নেতারাই গার্হস্থ্য হিংসা এবং মহিলাদের ওপর কদৃষ্টি দেওয়ার জন্য দায়ী। রাজনীতিতে আসা ৯০ শতাংশ মহিলাই কোনও রাজনীতিবিদের ঘরে না ঢুকে টিকে থাকতে পারেন না। এটা প্রতিদিন ঘটছে এবং নেতাদের সিসিটিভি ফুটেজ প্রায়ই সামনে আসে। মহিলাদের শোষণ করা এখন একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। উল্লেখ্য বিরোধীরা সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশনের সঙ্গে মহিলা সংরক্ষণ বিলের যোগসূত্র স্থাপনের বিরোধিতা করায় গত সপ্তাহে লোকসভায় বিলটি পাশ হয়নি, সেই প্রেক্ষাপটেই এই মন্তব্য করেছেন তিনি।

এদিকে পূর্ণিয়ার এই সাংসদের মন্তব্য নিয়ে সরব হয়েছে বিজেপি। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা একে ভয়াবহ ও নারীবিদ্বেষী বলে উল্লেখ করে জানিয়েছেন,এই বয়ান কংগ্রেস এবং তাদের সহযোগীদের মানসিকতা ফুটিয়ে তোলে।