
মা-বাবা দু’জনেই ডোমের কাজ করায় সন্তানদের সরকারি স্কুলে পড়াতে না পারার ছবি উঠে এসেছে নদিয়ার কালীনারায়ণপুরের পাহাড়পুর এলাকার। স্থানীয় এরান্দাপোতা শ্মশানে ডোমের কাজ করেন রবি মল্লিক ও লক্ষ্মী মল্লিক।
পুরসভা পরিচালিত স্থানীয় এরান্দপোতা প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনেছেন রবি-লক্ষ্মী। তাঁরা জানিয়েছেন, তাঁদের দুই সন্তানের বয়স ১০ ও ৫ বছর। আগে পাহাড়পুর প্রাইমারি বিদ্যালয়ে তারা পড়াশোনা করতো। তাঁদের অভিযোগ, যেহেতু তাঁরা ডোমের কাজ করেন, তাই ছেলেদের পাশে ওই স্কুলের কোনও সহপাঠী বসতে চাইতো না। এদিকে রাতে শ্মশানের কাজে আসতে অসুবিধেও হত। তাই সম্প্রতি তাঁরা পাহাড়পুর লাগোয়া এরান্দাপোতায় চলে এসেছেন। অভিযোগ, ছেলেদেরকে এরান্দাপোতা স্কুলে ভর্তি করতে গিয়েছিলেন।
কিন্তু তাঁরা যেহেতু ডোম, তাই তাঁদের ছেলেদের স্কুলে ভর্তি নেওয়া হয়নি।বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় বিডিও জয়দেব মণ্ডল বলেছেন, অভিযোগটি অত্যন্ত গুরুতর। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।








