
মেয়ের সঠিক বিচারের দাবিতে ফের গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আর জি করে নির্যাতিতার মা। নির্যাতিতার মা-র আরও মন্তব্য, তাঁর মেয়ের সঙ্গে যা অন্যায়-অপরাধ হয়েছে তাতে শুধুমাত্র সঞ্জয় রায় একা জড়িত থাকতে পারেন না। এর পিছনে আরও অনেকে জড়িত রয়েছে।
অতএব সমস্ত দোষীকে সামনে এনে বিচারের প্রয়োজন। সোমবার কলকাতা হাইকোর্টে আর জি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসি চায়নি নির্যাতিতার পরিবার। এই সংক্রান্ত রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কি না, তা নিয়েও শুনানি হয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে। রায় ঘোষণা স্থগিত রেখেছে আদালত। আর জি কর-কাণ্ডে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে নিম্ন আদালত।
তাঁকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজ্য এবং সিবিআই সঞ্জয়ের ফাঁসির শাস্তি চেয়ে পৃথক ভাবে হাইকোর্টে মামলা করেছে। শুধুমাত্র সেই মামলার প্রেক্ষিতে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চায় না বলে জানিয়েছে নির্যাতিতার পরিবার।






