
প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে ভারতের কোনও জুটিই পদকের লড়াইয়ে পৌঁছতে পারেনি। অর্জুন বাবুতা এবং রমিতা জিন্দলের জুটি প্রাথমিক রাউন্ড শেষ করেছে ছ’নম্বরে।
সন্দীপ সিংহ এবং এলাভেনিল ভালারিভান জুটি শেষ করেছে দ্বাদশ স্থানে। অর্থাৎ প্যারিস অলিম্পিকে ভারত শুটিং শুরু করেছে ব্যর্থতা দিয়ে। এই ইভেন্টে বিশ্বরেকর্ড রয়েছে ভারতের দখলে। স্বাভাবিকভাবেই পদকের আশা ছিল ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্ট থেকে। কিন্তু প্রাথমিক পর্বের কোনও সময়ই প্রথম চারে শেষ করার মতো জায়গায় পৌঁছতে পারেনি ভারতের কোনও জুটি। প্রথম হয়েছে চিনের একটি জুটি। দ্বিতীয় স্থানে শেষ করা দক্ষিণ কোরিয়ার জুটি লড়াই করবে সোনার পদকের জন্য। তৃতীয় স্থানে শেষ করা কাজাখস্তান এবং চতুর্থ স্থানে শেষ করা জার্মানির জুটি লড়াই করবে ব্রোঞ্জের জন্য।








