
তারার রহস্য উন্মোচনে সূর্যের আরও একটি সফল প্রদক্ষিণ সম্পন্ন করেছে নাসার পার্কার সোলার প্রোব। ২০২৪ সালের নিজস্ব গতি ও দূরত্বের রেকর্ড স্পর্শ করার পাশাপাশি প্রোবটির হিট শিল্ড ও ভেতরের তাপমাত্রা স্থিতিশীল রয়েছে, যা এর চমৎকার কার্যসক্ষমতারই প্রমাণ।
এবার এ সপ্তাহে সূর্যের পাশ দিয়ে আরও এক সফল পরিভ্রমণ সম্পন্ন করেছে সোলার প্রোবটি।এ সময় প্রোবটি সূর্যের পৃষ্ঠ থেকে কেবল ৩৮ লাখ মাইল দূরত্বে অবস্থান করছিল এবং এর গতিবেগ ছিল ঘণ্টায় ৪ লাখ ৩০ হাজার মাইল।এবারেরটি ছিল সূর্যের কাছাকাছি পার্কারের ২৮তম ফ্লাইবাই বা প্রদক্ষিণ, যা ২০২৪ সালের ডিসেম্বরে প্রথমবার গড়া এর নিজস্ব গতি ও দূরত্বের রেকর্ডকে আবারও স্পর্শ করেছে।এরপর থেকে এ নিয়ে মোট পাঁচবার প্রোবটি এ একই মাইলফলক স্পর্শ করল।এদিকে ৩ জুন প্রোবটি সূর্যের দিকে তার সর্বশেষ যাত্রা শুরু করেছে এবং পৃথিবীতে বিকন টোন বা সংকেত পাঠিয়ে নিয়ন্ত্রণকারী দলকে নিশ্চিত করেছে, প্রোবটি সম্পূর্ণ সুরক্ষিত ও সচল রয়েছে।উল্লেখ্য,আট বছর ধরে সূর্যকে নিয়ে গবেষণা করে আসছে পার্কার সোলার প্রোব এবং ধীরে ধীরে তা সূর্যের পৃষ্ঠের আরও কাছাকাছি এগিয়ে যাচ্ছে। ২০১৮ সালে উৎক্ষেপণের পর সেই বছরের শরতেই প্রোবটি প্রথমবার সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছায়।ওই সময় সূর্যের পৃষ্ঠ থেকে ১ কোটি ৫০ লাখ মাইলের মধ্যে চলে এসেছিল প্রোবটি। প্রথম প্রদক্ষিণের সময় পার্কার ঘণ্টায় সর্বোচ্চ ২ লাখ ১৩ হাজার ২০০ মাইল গতিবেগ পেয়েছিল।
আকর্ষণীয় হলো,সূর্যের নিকটবর্তী অঞ্চলের চরম প্রতিকূল পরিস্থিতি, বিশেষ করে প্রোবটি যখন সূর্যের সবচেয়ে কাছে থাকে তখন এর হিট শিল্ড বা তাপ সুরক্ষা বর্মের তাপমাত্রা আনুমানিক ১ হাজার ৭০০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়।








