
লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যের জেরে উত্তাল সংসদ।সোমবার রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণ নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে ওঠেন রাহুল গান্ধী।
বক্তব্যের শুরুতেই রাহুল গান্ধী দাবি করেন, ভারত নামক ধারণার উপরে আঘাত নেমে আসছে। তিনি ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর নির্দেশে আক্রমণের শিকার হয়েছেন। তাঁর সবচেয়ে উপভোগযোগ্য মুহূর্ত হল ৫৫ ঘণ্টা ধরে ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়া। এরপরেই শাসক জোটের সাংসদদের উদ্দেশে তিনি বলেছেন, যারা নিজেদের হিন্দু বলেন, তাঁরা কেবল হিংসার কথা বলেন, ঘৃণার কথা এবং অসত্য কথা বলেন। তারপরই ট্রেজারি বেঞ্চ থেকে হইচই শুরু হয়ে যায়। বিজেপি সাংসদেরা রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন। এরমধ্যেই রায়বরেলির সাংসদ ভারত এবং অহিংসার ধারণা ব্যাখ্যা করেন। বলেছেন, হিন্দুরা কখনও ভয়, হিংসা ছড়াতে পারে না। কিন্তু বিজেপি সর্বক্ষণ ভয়, ঘৃণা ছড়িয়ে বেড়ায়। প্রভু শিবের অভয়মুদ্রার সঙ্গে কংগ্রেসের নির্বাচনী প্রতীক হাতেরও যোগসূত্র টেনেছেন রাহুল গান্ধী।লোকসভার বিরোধী দলনেতা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস-ই কেবল হিন্দু নয়। তারপরই লোকসভায় হইচই শুরু হয়ে যায়।








