
নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে ৩ বছর ৩ মাস ১৮ দিন পর জেলমুক্তি হতে চলেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সোমবার বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থ চট্টোপাধ্যায়-কে জেলমুক্ত করার নির্দেশ দিয়েছেন।
আদালতের নথি মুখ্য বিচারবিভাগীয় আধিকারিকের কাছে পৌঁছোনোর পরেই জেলমুক্ত হতে আর কোনও বাধা থাকার কথা নয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। শারীরিক নানা সমস্যায় কাবু পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে বাইপাসের ধারের একটি হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নিয়েছিলেন তিনি। জেলমুক্তির নির্দেশ শুনে হাসতেও দেখা যায় তাঁকে। তবে জেলমুক্তির প্রক্রিয়া মিটতে মিটতে মঙ্গলবার হয়ে যেতে পারে।নিয়োগ মামলায় ২০২২ সালের ২৩ জুলাই কলকাতার নাকতলার বাড়ি থেকে পার্থ-কে গ্রেফতার করা হয়েছিল। সুপ্রিম কোর্ট কয়েক মাস আগেই বলে দিয়েছিল যে, সিবিআইয়ের মামলায় বিচার পর্ব শুরু হলেই পার্থ , এসএসসির তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ও উপদেষ্টা শান্তিপ্রসাদ সিং-র শর্তাধীন জামিন মঞ্জুর করা যাবে। ১৪ নভেম্বরের মধ্যে প্রথম পর্যায়ের সাক্ষ্য গ্রহণ শেষ করে চূড়ান্ত জামিন মঞ্জুর করার নির্দেশও দেয় শীর্ষ আদালত। তার পরেই মামলার চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেন আলিপুর সিবিআই বিশেষ আদালতের বিচারক। প্রথম দফায় আট জনের সাক্ষ্য গ্রহণ করা হবে বলে নিম্ন আদালতে সিদ্ধান্ত হয়।
সিবিআইয়ের তরফে আট জন সাক্ষীর নাম প্রস্তাব করা হয়। সোমবার অষ্টম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়েছে।









