
নেপালে ফের দুর্ঘটনার কবলে বিমান। অবতরণের সময় রানওয়ে থেকেই ২০০ মিটার দূরে ছিটকে গিয়েছে যাত্রীবাহী বিমানটি। তাতে মোট ৫৫ জন ছিলেন।
ঘটনার পর বিবৃতি জারি করেছে সংশ্লিষ্ট বিমান সংস্থা। নেপালের সংস্থা বুদ্ধ এয়ারের একটি ছোট আকারের বিমান শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে ভদ্রপুরে যাচ্ছিল। ভদ্রপুরে পৌঁছোনোর পর অবতরণের চেষ্টা করে বিমানটি। কিন্তু আচমকা প্রবল ঝাঁকুনি হয়।
বিমানটি ছিটকে রানওয়ে থেকে বেরিয়ে যায়। অন্তত ২০০ মিটার দূরে ওই বিমান ছিটকে গিয়েছিল। পাশে ছিল নদী। নদীর একেবারে ধারে গিয়ে বিমানটি থেমেছে। প্রত্যেকেই সুস্থ এবং নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থা। তবে ২০০ মিটার দূরে ছিটকে যাওয়ায় বিমানটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রী ও বিমানকর্মীদের সকলকে উদ্ধার করা হয়েছে।







