
আগামী তিন মাসের মধ্যে বন্দে ভারত স্লিপারে যাত্রী পরিষেবা পাওয়া যাবে। বেঙ্গালুরুতে বন্দে ভারত স্লিপার কামরার কাজ পরিদর্শন করে এমনই বলেছেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
সঙ্গে ছিলেন রেল প্রতিমন্ত্রী ভি সোমান্নাও। ইতিমধ্যেই স্লিপার কামরাযুক্ত বন্দে ভারতের একটি নমুনা বা প্রতিরূপ তৈরি হয়েছে। সেটিতে কী কী সুযোগ সুবিধা থাকছে, তা খতিয়ে দেখেছেন রেলমন্ত্রী। অশ্বিনী বলেছেন, বন্দে ভারত চেয়ার কার কামরার পর, কেন্দ্র সরকার বন্দে ভারত স্লিপার কামরা নিয়ে কাজ করেছে। স্লিপার কামরা তৈরির কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। পরে অশ্বিনী জানান, আগামী দশ দিন সব রকম ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে এটিকে। তার পর এটি রেল লাইনে নামিয়ে আরও পরখ করা হবে। রেলমন্ত্রীর মতে, ১৬ কামরার বন্দে ভারত স্লিপার ট্রেন এক রাতে ৮০০-১২০০ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে পারবে। করোনাপর্ব থেকে শিক্ষা নিয়ে ট্রেনের মধ্যে অক্সিজেনের মাত্রা ও ভাইরাস থেকে সুরক্ষার বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বন্দে ভারত স্লিপারে যাত্রার খরচ নিয়েও অশ্বিনী বলেছেন, এই ট্রেন মধ্যবিত্তের জন্যই তৈরি। ভাড়া হবে রাজধানী এক্সপ্রেসের মতো।
