পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা,প্রশ্ন কঙ্কনার

0
97
ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা কলকাতায় প্রচলিত পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে আরও একবার প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য,ইতিপূর্বে এই বিষয়ে তিনি একাধিকবার সরব হয়েছেন। পাশাপাশি মা তথা বর্ষীয়ান অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেনের এক বিশেষ স্বভাবের কথাও দর্শকদের সামনে প্রকাশ করেছেন কন্যা কঙ্কনা। অনুষ্টানে সমাজের পিতৃতান্ত্রিক ব্যবস্থার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী কঙ্কনা। বলেছেন, আমাদের সমাজে প্রচলিত ধারণা রয়েছে যে মহিলারাই রান্নাঘরের কাজ করবেন, বাড়ির পরিচ্ছন্নতা রক্ষা করবেন। পুরুষরা খালি খাবার খেয়ে উঠে যাবেন।

থালাটিও পরিষ্কার করেন না। এই বিষয়টা নিয়ে তাঁর ঘোর আপত্তি রয়েছে। তিনি নিজে নিজের সমস্ত কাজ করতে পছন্দ করেন এবং ছেলেকেও সেই শিক্ষা দিচ্ছেন।কঙ্কনা বলেছেন,পরিচ্ছন্নতা বিষয়টা কখনও নারীকেন্দ্রিক হতে পারে না। নারী পুরুষ নির্বিশেষে সকলের তা মানা উচিত। এরসঙ্গে শৈশবের স্মৃতি হাতড়ে কঙ্কনা জানিয়েছেন, পরিচ্ছন্নতা এবং নিজেকে সাজিয়ে রাখার ব্যাপারে এক অদ্ভূত নৈপুণ্য ছিল অপর্ণা সেনের। বাড়ি থেকে বেরনোর আগে বা ফেরার পর অভ্যাসমাফিক একটি নির্দিষ্ট রুটিন তিনি ফলো করতেন। কঙ্কনার কথায়, মা যখনই বাড়ির কাজ করতেন তখনই নিপুণভাবে সেগুলো সমাধা করতেন। এবং পরিচ্ছন্নতা মেনে সব কাজ করতেন।

মা বাইরে কাজে বেরোনোর আগে এবং কাজ থেকে ফিরে যেভাবে পরিচ্ছন্নতা মেনে চলতেন তা তাঁকে মুগ্ধ করত। তাঁর বাইরের কাজের তুলনায় ঘরের কাজের প্রতি তাঁর বেশি নজর থাকত। এছাড়া মা অপর্ণা, কঙ্কনার ওপর বাড়ির বাজার, ধোপার হিসাব রাখার ভার দিয়েছিলেন। ছোটবেলায় এই দায়িত্ব গুলো পেয়ে নিজেকে ধন্য মনে হত কঙ্কনার। এখন মনে হয় মায়ের এই শিক্ষা গুলোই তাঁকে সাফল্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে।