
বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন গ্লোবের ৮২তম আসরের মনোনয়ন ঘোষণা করা হয়েছে আর এ বছর মনোনয়নে চালকের আসনে সংগীতনির্ভর থ্রিলার,এমিলিয়া পেরেস।
সর্বাধিক ১০টি শাখায় মনোনীত হয়েছে ফ্রান্সের জ্যাক অডিয়ার পরিচালিত সিনেমাটি।মনোনয়নের তালিকায় রয়েছে ভারতের প্রশংসিত সিনেমা অল উই ইমাজিন অ্যাজ লাইট।নন-ইংরেজি ভাষার বিভাগে সেরা মোশন পিকচারে মনোনয়ন পেয়েছে পায়েল কাপাডিয়ার সিনেমাটি। আর পায়েল কাপাডিয়া মনোনীত হয়েছেন সেরা পরিচালক বিভাগে।এর আগে একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে,অল উই ইমাজিন অ্যাজ লাইট। প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের।এবার গোল্ডেন গ্লোবের মঞ্চে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে এটি।উল্লেখ্য এই প্রথম ভারতের কোনো পরিচালক গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা পরিচালক বিভাগে মনোনীত হয়েছেন।এ বিভাগে অন্যান্য মনোনীতদের মধ্যে রয়েছেন এমিলিয়া পেরেস পরিচালিত জ্যাক অর্ডিয়াট, শন বেকার, আনোরা। কনক্লেভ সিনেমার জন্য এডওয়ার্ড বার্গার, দ্যা ব্রুটালিস্ট সিনেমার জন্য ব্রাডি করবেট, সাবস্ট্যানস সিনেমাটির জন্য কোরালি ফার্গেট।কানি কুসরতি, দিব্যা প্রভা এবং ছায়া কদম অভিনীত এই সিনেমায় তিনজন মহিলার গল্প দেখানো হয়েছে। ওই তিন মহিলার মধ্যে দুজন নার্স প্রভা এবং অনু তাদের বন্ধু পার্বতীর হাত ধরে প্রথম মুম্বাই শহরে আসে। মুম্বাইয়ের কোলাহল মুখর শহরে প্রেম, আকাঙ্ক্ষা এবং একাকিত্বকে অনুভব করে তারা। মে মাসে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতেছে সিনেমাটি। কানের মূল প্রতিযোগিতায় ৩০ বছর পর নির্বাচিত হওয়া ভারতীয় সিনেমা এটি।এ ছাড়া নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ড এবং গোথাম অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে,অল উই ইমাজিন অ্যাজ লাইট।এর মধ্যে ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ২৭টি বিভাগে মনোনীতদের নাম ঘোষণা করেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী মিন্ডি ক্যালিং ও আমেরিকান কৃষ্ণাঙ্গ অভিনেতা মরিস চেস্টনাট।২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান ও বিভিন্ন দেশের চলচ্চিত্র ও টেলিভিশনে সেরা কাজগুলোকে পুরস্কৃত করা হবে এবারের আসরে। ২০২৫ সালের ৫ জানুয়ারি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন হোটেলে জমকালো অনুষ্ঠানে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান করা হবে।
এবারের আসর সঞ্চালনা করবেন এমি অ্যাওয়ার্ড মনোনীত আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার।
