পোস্টের জন্য থ্রেডসে পেমেন্ট বন্ধ

0
112
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

থ্রেডস-এ পোস্ট করার জন্য নির্মাতাদের আর অর্থ দিচ্ছে না মার্কিন সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। নিজেদের বোনাস প্রোগ্রামটি বন্ধ করে দিয়েছে কোম্পানিটি।উল্লেখ্য,এ প্রোগ্রামের আওতায় কিছু নির্মাতা প্রতি মাসে হাজার হাজার ডলার বোনাস পেতেন।কেন তারা এই পেমেন্ট প্রোগ্রামটি বন্ধ করেছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মেটা।

তবে একসময় ইনস্টাগ্রামের সাপোর্ট পেজে যেসব তথ্য দেওয়া ছিল, সেখানে থ্রেডস নির্মাতাদের জন্য ইনসেনটিভ বা, বোনাসের বিষয়টি উল্লেখ থাকলেও এখন আর থ্রেডসের নাম নেই।এর আগে এ প্রোগ্রামে অংশ নিয়েছিলেন থ্রেডসে পোস্ট করা অনেক নির্মাতা।তারা বলেছেন, এপ্রিলের শেষ দিক থেকে আর কোনো পেমেন্ট পাচ্ছেন না তারা। জনপ্রিয় পোস্টের জন্য নির্মাতাদের অর্থ দেওয়া শুরুর প্রায় এক বছর পর এমন ঘটনা ঘটল।এ প্রোগ্রামটি কীভাবে চলত সে সম্পর্কে এর আগেও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মেটা। তবে কিছু নির্মাতা বলেছিলেন, নির্দিষ্ট সংখ্যক পোস্ট ও ভিউয়ের টার্গেট পূরণ করে প্রতি মাসে পাঁচশ থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত বোনাস পেতেন তারা।

ভবিষ্যতে থ্রেডসে নির্মাতাদের জন্য কী পরিকল্পনা করেছে তাও এখনো স্পষ্ট করেনি মেটা। তবে আরও ব্র্যান্ড ও পরিচিত ব্যক্তিদের এই প্ল্যাটফর্মে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কোম্পানিটি। বলা হচ্ছে, ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া এক্স-এ ইউজাররা যেসব জনপ্রিয় নির্মাতাকে ফলো করতেন তাদের যেন থ্রেডস-এও খুঁজে পাওয়া সহজ হয় তেমন কিছু ফিচার নিয়ে পরীক্ষা করেছে মেটা।