পেনাল্টি মিস, হাভার্টজের পরিবারকে হুমকি 

0
143
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

রুদ্ধশ্বাস এক লড়াইয়ের পর টাইব্রেকারে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। ম্যাচের অনেকটা সময় ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে পেয়েও শেষ পর্যন্ত জয়সূচক গোলটি আদায় করতে পারেনি এমিরেটসের ক্লাবটি।

তবে ম্যাচের ফল ভিন্ন হতে পারত যদি আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজ একাধিক সহজ সুযোগ নষ্ট না করতেন।হাভার্টজ শুধু নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে নয়, দলকে সাহায্য করতে পারতেন টাইব্রেকারে পেনাল্টি শুট আউটেও। কিন্তু সেদিন তাঁর ভাগ্যটাই যে ছিল খারাপ, ফলে কোনো কিছু শেষ পর্যন্ত পক্ষে থাকেনি। দুই দল মিলিয়ে টাইব্রেকারে হাভার্টজই শুধু পেনাল্টি মিস করেছিলেন। আর জার্মান তারকার সেই মিসই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়।আর্সেনালের হারে হাভার্টজের এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই মানতে পারছেন না অনেক আর্সেনাল সমর্থক। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।তবে কিছু কিছু ক্ষেত্রে সেসব সমালোচনা সীমা ছাড়িয়ে রীতিমতো আঁতকে ওঠার মতো হুমকিতে রূপ নিয়েছে।হাভার্টজ ও তাঁর পরিবারকে উদ্দেশ্য করে আসা দুটি হুমকিমূলক পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন হাভার্টজের স্ত্রী সোফিয়া হাভার্টজ। যেখানে বাড়িতে এসে তাঁর অনাগত সন্তানকে খুন করার মতো ভয়ংকর হুমকিও আছে।সোশ্যাল মিডিয়ায় এ ধরনের হুমকির জবাবে সোফিয়া লিখেছেন, কেউ যদি মনে করে এমন কিছু লেখা স্বাভাবিক, তবে সেটা তাঁর জন্য বিশাল ধাক্কার মতো।

তিনি আশা করেন, যে করেছে সে নিজেকে নিয়ে নিয়ে লজ্জিত হবেন। আর্সেনাল এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তারা শিগগিরই ব্যবস্থা নেবে।