
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা গান নিয়ে রবিবার অভিনব কনসার্ট হয়েছে কসবার রাজডাঙা পিঠেপুলি উৎসবে। শীতের সন্ধেয় পিঠেপুলি সহযোগে মানুষজন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন শিল্পীদের গান।
মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর করা অন্তত ২০ টি গান কনসার্টে গেয়েছেন এরাজ্যের বিশিষ্ট শিল্পীরা। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্যরা। ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উদ্যোগেই মূলত এই কনসার্টের আয়োজন করা হয়েছিল। অন্যদিকে ১৫ থেকে ১৭ জানুয়ারি রবীন্দ্র সদনের একতারা মুক্ত মঞ্চে ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স হবে। সেখানে উপস্থিতি থাকবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, উস্তাদ শাহিদ পারভেজ, নিশাত খানের মত শিল্পীরা।
এছাড়াও প্রতিশ্রুতিবান তরুণ শিল্পীরাও পারফর্ম করবেন। থাকছে বাংলার রাগ সঙ্গীত বিষয়ক একটি প্রদর্শনীও। একইসঙ্গে এইবছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে ৬ জেলায় ডিস্ট্রিক্ট ক্লাসিকাল মিউজিক ফেস্টিভালের আয়োজন করা হয়েছে।






