
দার্জিলিং থেকে কার্শিয়াং যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি খাদে পড়ে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় বাকিদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ওই গাড়িতে চালক-সহ মোট আট জন ছিলেন। স্থানীয় সূত্রে খবর, দার্জিলিং থেকে কার্শিয়াঙের দিকে নামার পথে বৃহস্পতিবার রাতে সোনাদা আট মাইল এবং গোরাবাড়ি সংলগ্ন এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারায় ওই গাড়ি। রাস্তা থেকে গড়িয়ে পাহাড়ের ধারের জঙ্গলে পড়ে যায়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়েরাই উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। হাসপাতালে মৃত্যু হয়েছে আরও এক জনের। চালছ-সহ বাকি পাঁচ জন এই মুহূর্তে চিকিৎসাধীন। প্রত্যেকের অবস্থাই সঙ্কটজনক বলে খবর হাসপাতাল সূত্রে। কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। তবে দার্জিলিঙে বৃষ্টি চলছে।
ফলে রাস্তা পিছল। খারাপ আবহাওয়ার কারণে চালকের কিছু সমস্যা হয়ে থাকতে পারে বলে অনেকে মনে করছেন।








