
চিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বাংলাদেশের ঢাকায় পথ অবরোধ করেছেন জুলাই আন্দোলনের আহতেরা। রবিবার সকালে তাঁরা প্রথমে ঢাকার আগারগাঁও এবং পরে মিরপুর সড়ক অবরোধ করেন।
আন্দোলনকারীদের অবরোধের জেরে মিরপুর সড়ক দৃশ্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।গলায় পোস্টার ঝুলিয়ে ঢাকার রাস্তায় অবস্থান বিক্ষোভ শুরু করেছেন জুলাই আন্দোলনের আহতেরা। গলায় প্রতীকী দড়ি নিয়ে প্রতিবাদে নেমেছেন এক আন্দোলনকারী। তাঁর সঙ্গে থাকা পোস্টারে লেখা, হয় রাষ্ট্রীয় স্বীকৃতি, না হয় আত্মহত্যা। বিক্ষুব্ধদের অভিযোগ, তাঁরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। এই নিয়ে শনিবারও ঢাকার চক্ষু হাসপাতালের ভিতরে বিক্ষোভ দেখান তাঁরা। রাতেও চলে সেই বিক্ষোভ। এর পরে রবিবার থেকে আবারও বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের জুন-জুলাই মাস তোলপাড় হয়েছে বাংলাদেশে। পর পর জোড়া আন্দোলনের ধাক্কায় ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







