
কাকলি ঘোষ দস্তিদারের পর এবার বেসুরো তৃণমূলের আরেক সাংসদ সুখেন্দুশেখর রায়। সোশ্যাল মিডিয়ায় পোস্টে রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় রোমান সাম্রাজ্যের ইতিহাস তুলে ধরে লিখেছেন পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যের অবসান ঘটিয়েছেন।
তবে পোস্টের প্রসঙ্গে সুখেন্দুশেখর রায় এখনও সবিস্তার কিছু বলেননি। তবে ঘনিষ্ঠমহলে তৃণমূলের শোচনীয় ফলাফল নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন। দলের ভুলভ্রান্তি কোথায় ছিল ঘনিষ্ঠদের সঙ্গে একান্ত আলোচনায় তাও জানিয়েছেন বলে জানা গিয়েছে। সুখেন্দু শেখর জানিয়েছেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৯টা আসনে জয়ী হয়েছিল। ২০১৯-এ ভোটের তুলনায় বিজেপির ছটি আসন কমে গিয়েছিল। মাত্র ২ বছরের মধ্যে তৃণমূলের এই খারাপ ফল কী করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর ব্যাখ্যা ২০১১-র বামফ্রন্টকে সরানোর সময় মানুষ যে মনোভাব নিয়ে ভোট দিয়েছিল। ২০২৬-এ তার অন্যথা হয়নি। সেবার মানুষ ভোট দিয়েছিল সিপিএমকে তাড়াতে। এবারও তৃণমূলকে তাড়াতে বিজেপিকে ভোট দিয়েছে।
২০২৪-এ আরজি করকাণ্ডের সময় রাত দখলের কর্মসূচিকে সমর্থন জানিয়ে বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন সুখেন্দুশেখর রায়। বাস্তিল দূর্গের ধ্বংসের কথা মনে করিয়ে তৃণমূলকে বিঁধে পোস্টও করেছিলেন।







