
গতানুগতিক সার্চ ইঞ্জিনের বাইরে গিয়ে গ্রাহকদের আরও উন্নত এআই অভিজ্ঞতা দিতে কোম্পানিটির আসন্ন গ্যালাক্সি এস২৬ সিরিজের স্মার্টফোনে পারপ্লেক্সিটি এআই যোগের সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। স্যামসাংয়ের আগামী ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে গ্যালাক্সি এআই-এর অংশ হিসেবে পারপ্লেক্সিটি এআই এজেন্ট অ্যাড করছে কোম্পানিটি।
এ নতুন ফিচারের মাধ্যমে নোটস, ঘড়ি, গ্যালারি, রিমাইন্ডার ও ক্যালেন্ডারের মতো বিভিন্ন অ্যাপে এআই সুবিধা দেবে স্যামসাং। কিছু থার্ড পার্টি অ্যাপেও ফিচারটি কাজ করবে। তবে এখনও সেসব অ্যাপের নাম প্রকাশ করেনি দক্ষিণ কোরীয় এ নির্মাতা।গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের কেবল কয়েক দিন আগে কোম্পানিটির এআই যোগের ঘোষণাটি এসেছে। ধারণা করা হচ্ছে,এ ইভেন্টে নতুন এআই সংযোজন ও স্যামসাংয়ের উন্নত বিক্সবি একসঙ্গে কীভাবে কাজ করবে সে সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।বলা হচ্ছে,পারপ্লেক্সিটি এজেন্টকে চালু করতে,হেই প্লেক্স বলতে হবে। তবে ফিচারটিকে স্ট্রিমিং সার্ভিস,প্লেক্স-এর সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না।এ ছাড়া ফোনের বাটন বা কুইক অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমেও এআই চালু করা যাবে।এখানে সমন্বয়কারী হিসেবে কাজ করবে গ্যালাক্সি এআই, যা বিভিন্ন ধরনের এআইকে সহজ, স্বাভাবিক ও সুসংহত অভিজ্ঞতায় রূপান্তর করবে।
তবে বর্তমানে পারপ্লেক্সিটি বেশ বিতর্কের মধ্যে রয়েছে। তাদের বিরুদ্ধে অন্যের কনটেন্ট চুরি ও কপিরাইট লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ উঠেছে।









