
সিরি আ–এর শীর্ষে থাকা প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে ট্রফি লড়াইয়ে নিজেদের আশা জিইয়ে রাখল এসি মিলান। সান সিরোতে অনুষ্ঠিত মিলান ডার্বি-তে পেরভিস এস্তুপিনানের একমাত্র গোলে ১–০ ব্যবধানে জয় পায় রোসোনেরিরা। এই জয়ে লিগ টেবিলে ইন্টারের সঙ্গে ব্যবধান কমিয়ে সাত পয়েন্টে নামিয়েছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল।
পাশাপাশি ২০১০–১১ সিজনের পর প্রথমবারের মতো একই সিজনে লিগের দুই মিলান ডার্বিতেই জয় পেল এসি মিলান।ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মিলান। ইন্টার গোলরক্ষক ইয়ান সোমারের ভুল কিক থেকে বল পেয়ে শট নেন লুকা মডরিচ, তবে তার প্রচেষ্টা পোস্টের বাইরে চলে যায়।এরপর ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে ইন্টার। হেনরিখ মিখিতারিয়ান মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে পড়লেও মিলানের অধিনায়ক ও গোলরক্ষক মাইক মেনিয়ানের সামনে একা হয়েও গোল করতে পারেননি।মেনিয়ানের সেই গুরুত্বপূর্ণ সেভের মাত্র ৭৮ সেকেন্ড পরই গোল পায় মিলান। ইউসুফ ফোফানার নিখুঁত থ্রু পাস ধরে বক্সে ঢুকে শক্ত শটে বল জালে জড়ান ইকুয়েডরের ডিফেন্ডার পেরভিস এস্তুপিনান।দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইন্টার। পিওতর জিলিনস্কি ও ফেদেরিকো ডিমারকো ভালো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন।
যোগ করা সময়ে ডিমারকোর ক্রস থেকে বল জালে গেলেও রেফারি কর্নার নেওয়ার আগেই ফাউলের বাঁশি বাজানোয় গোলটি বাতিল হয়ে যায়।শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় মিলান।এই ফলাফলে সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টারের বিপক্ষে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল এসি মিলান। এ ছাড়া ইন্টার–মিলান ডার্বিতে গোল করা প্রথম ইকুয়েডরিয়ান খেলোয়াড় হিসেবেও ইতিহাস গড়লেন এস্তুপিনান।






