বর্ষায় পোকার উপদ্রব, কামড়ালে বিপদ!

0
272
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে শয্যাশায়ী অভিনেতা রাজেশ শর্মা। জানা গিয়েছে, শুটিং করতে গিয়ে মাকড়সার কামড়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা চলছে। কিন্তু সামান্য একটি মাকড়সার কামড়েও এমনটা হতে পারে,তবে শুধু মাকড়সা নয়, ভীমরুল থেকে বোলতা, বিছে, এমনকি নাম-না-জানা পোকাও কামড়াতে পারে যখন-তখন।

কখনও কোনও কীটের বিষাক্ত লালা থেকেও ত্বকে প্রদাহ হয়। চিকিৎসকদের পরামর্শ,পোকা কামড়ালে প্রথমেই শরীরের সেই জায়গাটি সাবান দিয়ে ধুয়ে ফেলা দরকার।ব্যথা বাড়লে পরিষ্কার কাপড়ে বরফের টুকরো নিয়ে সেঁক দিতে হবে। প্রাথমিক ভাবে জায়গাটিতে ময়েশ্চারাইজ়ার, অ্যান্টিসেপটিক লাগানো যেতে পারে। এবার প্রশ্ন হলো,কী কী উপসর্গ দেখা দিলে সচেতন হওয়া দরকার। প্রাথমিক ভাবে দংশনের জায়গাটি লাল হয়ে ফুলে যেতে পারে। প্রচণ্ড ব্যথাও শুরু হতে পারে। কারও কারও শরীরে অ্যালার্জিও দেখা দিতে পারে। চিকিৎসকেরা বলছেন, ভীমরুল, বোলতার কামড়ালে অনেক সময়ে তার হুল ত্বকে বিঁধে থাকে। তা থেকে সংক্রমণ হতে পারে। দ্রুত সেই হুলটি বার করা প্রয়োজন।

তা ছাড়া, কোনও কারণে ব্যথার জায়গাটি বা দংশনের স্থান চুলকাতে গিয়ে নখ লেগে গেলে তা থেকে বিষক্রিয়া হওয়াও অস্বাভাবিক নয়। ব্যথা যদি বাড়তে থাকে, জ্বর আসে, অবশ্যই চিকিৎসকের দ্বারস্থ হওয়া দরকার। এদিকে,পোকা কামড়ালে চিকিৎসা হিসাবে প্রাথমিক ভাবে অ্যালার্জির ওষুধ দেওয়া হয়। পোকার দংশনে ক্ষত বা ঘা হলে দেওয়া হয় অ্যান্টিবায়োটিক মলম। তবে ব্যথা যদি তীব্র হয়, জ্বর আসে কিংবা শ্বাসকষ্ট হয় তা হলে অ্যান্টিবায়োটিক খাওয়ারও প্রয়োজন পড়ে। পোকা কামড়ানোর পরে যদি স্থানটিতে ক্ষত-জ্বালা শুরু হয়, তবে দেরি না করে চিকিৎসকের দ্বারস্থ হওয়া দরকার।