
আইপিএলের আসন্ন আসরের জন্য কেভিন পিটারসেনকে মেন্টর হিসেবে নিয়োগ করেছে দিল্লি ক্যপিটালস। ঘরোয়া টুর্নামেন্টে প্রথমবার কোচিং করাবেন প্রাক্তন এই ইংলিশ অধিনায়ক।দিল্লি কোচিং স্টাফে প্রধান কোচ হেমাং বাদানি, সহকারী কোচ ম্যাথু মট, বোলিং কোচ মুনাফ প্যাটেল ও ক্রিকেট পরিচালক ভেনুগোপাল রাওয়ের সঙ্গে যুক্ত হবেন ৪৪ বছর বয়সী পিটারসেন।
পিটারসেনকে মেন্টরের দায়িত্ব দেওয়ার কথা ইতিমধ্যে নিশ্চিত করেছে দিল্লির ফ্র্যাঞ্চাইজিটি।আইপিএলে দিল্লির জার্সিতে দুই সিজন খেলার অভিজ্ঞতা আছে পিটারসেনের। ২০১২ ও ২০১৪ আসরে মোট ১৯টি ম্যাচে তখনকার দিল্লি ডেয়ারডেলিভসের প্রতিনিধিত্ব করেন তিনি।২০১৪ আসরে দলটির অধিনায়কও ছিলেন ইংলিশ তারকা ব্যাটসম্যান। তার নেতৃত্বে টেবিলের তলানিতে থেকে আসরে শেষ করেছিল দিল্লি। এদিকে ২০১৬ সালে শেষবার আইপিএলে খেলা পিটারসেন পুরোনো ঠিকানায় নতুন ভূমিকায় ফিরতে পেরে বেশ খুশি। এরআগে,রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বও দেন পিটারসেন।
সব মিলিয়ে আইপিএলে ১৯ ম্যাচে অধিনায়কত্ব করার ও ৩৬ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। আইপিএল ছাড়া বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন পিটারসেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০০ ম্যাচ খেলে পাঁচ হাজার ৬৯৫ রান করেছেন তিনি ৩৩.৮৯ গড় ও ১৩৬.৮৯ স্ট্রাইক রেটে। নামের পাশে তিন সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ৩৫টি।








