
১২ বছর ধরে পোপ ফ্রান্সিসের সঙ্গে কাজ করা এক অভিজ্ঞ কূটনীতিক, কার্ডিনাল পিয়েত্রো পারোলিন রোম এবং আন্তর্জাতিক পরিসরে সুপরিচিত এবং পরবর্তী পোপ হওয়ার ক্ষেত্রে একজন শক্তিশালী প্রার্থী।ভ্যাটিকান সিটির খবর,৭০ বছর বয়সী ইতালীয় নাগরিক পিয়েত্রো পারোলিন,পোপ ফ্রান্সিসের পুরো সময়জুড়ে ভ্যাটিকানের কার্যত নম্বর টু হিসেবে পরিচিত সেক্রেটারি অব স্টেটের দায়িত্ব পালন করেছেন এবং বিশ্বজুড়ে ভ্যাটিকানের সবচেয়ে দৃশ্যমান প্রতিনিধি ছিলেন।
শান্ত স্বভাব এবং সূক্ষ্ম রসবোধের অধিকারী পারোলিন একজন দক্ষ কূটনীতিক, যিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকায় কাজ করেছেন। তিনি আমেরিকা ও কিউবার মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের মধ্যস্থতা এবং চীনের সঙ্গে বিশপ নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ এক চুক্তি সম্পাদনে ভূমিকা রেখেছেন। এদিকে ,পোপ ফ্রান্সিস ২১ এপ্রিল মারা যাওয়ার পর ৭ মে শুরু হতে যাওয়া কার্ডিনালদের কনক্লেভে পারোলিন পোপ হওয়ার দৌড়ে সবার আগে আছেন বলে মনে করা হচ্ছে। রোমান কুরিয়া তথা ভ্যাটিকানের কেন্দ্রীয় প্রশাসনের জটিলতা সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে এবং তিনি ফ্রান্সিসের পরামর্শক কার্ডিনালদের দলেও ছিলেন।
তার মধ্যপন্থি সামাজিক অবস্থান ও প্রশাসনিক অভিজ্ঞতা ভবিষ্যতে পোপ হলে পোপ ফ্রান্সিসের নীতির ধারাবাহিকতা বজায় রাখবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বলা হচ্ছে, তিনি চার্চের বিভিন্ন মতাদর্শিক গোষ্ঠীগুলোর মধ্যে সমন্বয় সাধন করতে সক্ষম।এক ধর্মীয় সূত্র বলেছে, পিয়েত্রো পারোলিন সবচেয়ে পরিচিত কার্ডিনাল।তবে প্রশ্ন হলো, এই পরিচিতি তাকে ঐকমত্য তৈরিতে সাহায্য করবে, না তা তার বিপরীতে যাবে।








