
মাঝ আকাশে একটি যুদ্ধবিমান ভেঙে মৃত্যু হয়েছে এক ভারতীয় বায়ুসেনার পাইলটের। গুরুতর জখম হয়েছেন আরও এক জন। সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে এই দুর্ঘটনার কথা জানিয়েছে।জানা গিয়েছে, গুজরাটের জামনগরে দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় বায়ুসেনা জানিয়েছে , বুধবার রাতে জামনগর বিমানবন্দর থেকে উড়েছিল আইএএফের জাগুয়ার বিমানটি।
দুই আসনবিশিষ্ট ওই বিমান আকাশে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। সঙ্গে সঙ্গে পাইলট ওই বিমানটিকে বিমানঘাঁটি এবং জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যান। সেখানেই ভেঙে পড়ে সেটি।গুরুতর জখম হন বিমানে থাকা দু’জনই। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পাইলটের।জামনগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুয়ারদার গ্রামের এক মাঠে ভেঙে পড়ে জাগুয়ার বিমানটি।
সঙ্গে সঙ্গে ধোঁয়া বার হতে থাকে। মাঠের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিমানের বেশ কয়েকটি জ্বলন্ত টুকরো। ঘটনাটি নজরে আসতে স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করে। পরে সেনাবাহিনীর সদস্যেরা এসে হাত লাগান উদ্ধারকাজে। বিমান থেকে পাইলটদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এক জনের মৃত্যু হয়।








