
অহমদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। এআই১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। ওড়ার কিছু ক্ষণের মধ্যেই গুজরাতের মেঘানিনগরে লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত পনেরোটি ইঞ্জিন।
আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা,ডিজিসিএ জানিয়েছে, বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী, ১০ জন ক্রু সদস্য এবং দু’জন পাইলট। বিমানের দুই পাইলটের নাম ক্যাপ্টেন সুমিত সবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। সংবাদ সংস্থা জানিয়েছে, আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বিমানটি ওড়ার কিছু ক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। ফলে সেটি বেশি উচ্চতায় পৌঁছোতে পারেনি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অহমদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলেছেন, মেঘানিনগরেএকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রী ভূূপেন্দ্র পটেলকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাত সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি। গুজরাতের উদ্দেশে রওনা দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু। ইতিমধ্যেই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।







