
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বেসরকারি বিমান দুর্ঘটনা। রবিবার কর্নাটকের বিজয়পুরা জেলায় রেডবার্ড সংস্থার একটি বেসরকারি ছোট বিমান ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার সময় বিমানে দু’জন ছিলেন, ক্যাপ্টেন এবং প্রশিক্ষণরত পাইলট। দু’জনেই গুরুতর জখম হয়েছেন বলে খবর। ভেঙে পড়া বিমানটি সেসনা ১৭২ ট্যাঙ্গো চার্লি মডেলের বলে চিহ্নিত হয়েছে।
সূত্রের খবর, বিমানটি কালাবুরাগি থেকে বেলাগাভির উদ্দেশে যাচ্ছিল। মাঝপথে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় জরুরি অবতরণের চেষ্টা করেন ক্যাপ্টেন। কিছুক্ষণের মধ্যেই বিমানটি একটি চাষের জমিতে ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই বাবালেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আহত দুই ব্যক্তিকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
