
ভারতে ব্যবসা করতে হলে ভারতের আইন মেনেই চলতে হবে। কেন্দ্রের বিরুদ্ধে দায়ের করা মামলায় এক্স হ্যান্ডেলকে সাফ জানিয়ে দিয়েছিল কর্নাটক হাই কোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে এক্স।
ওই সোশাল মিডিয়া জায়ান্ট বলেছে, কর্নাটক হাই কোর্টের নির্দেশ মানতে গেলে ব্যবহারকারীদের বাগ স্বাধীনতায় হস্তক্ষেপ করতে হয়। তাই অভিব্যক্তির অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে সংস্থা। সোশাল মিডিয়া থেকে কন্টেন্ট সরিয়ে নেওয়া, অ্যাকাউন্ট ব্লকের মতো সিদ্ধান্ত গ্রহণের জন্য সহযোগ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে কেন্দ্র। ওই প্ল্যাটফর্মের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে এক্স। কিন্তু সেই পিটিশন বাতিল করে দিয়েছেন কর্নাটক হাই কোর্টের বিচারপতি এম নাগাপ্রসন্ন।
আদালতের তরফে বলা হয়েছে, সোশাল মিডিয়ায় রাশ টানা সময়ের প্রয়োজন। ভারতীয় প্রশাসনের নজরদারি উপেক্ষা করে কোনও সোশাল মিডিয়া চলতে পারে না। ভারতে থাকা সমস্ত সোশাল মিডিয়া সংস্থাকে এই বিষয়টি মনে রাখতে হবে। এই প্রসঙ্গে সংবিধানের ১৯ অনুচ্ছেদের উল্লেখ করেছে আদালত। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সংবিধানে বর্ণিত বাগস্বাধীনতার অধিকার ভারতীয় নাগরিকদের জন্য। বিদেশি সংস্থাগুলির জন্য নয়।





