
অস্ট্রেলিয়া সফরের আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণনাশের হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টের কমেন্টকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে।
ঘটনার গুরুত্ব বুঝে বিন্দুমাত্র সময় নষ্ট না করে নড়েচড়ে বসেছে অস্ট্রেলিয়া প্রশাসন। তদন্ত শুরু করার পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় একধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।জানা গিয়েছে একটি প্রচারমূলক পোস্টের মন্তব্য বক্স থেকেই এই হুমকি-ঘটনার সূত্রপাত। অস্ট্রেলিয়ার স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, আগামী ৯ জুলাই মেলবোর্নের বিখ্যাত মার্ভেল স্টেডিয়ামে মেলবোর্ন মিট মোদী নামক একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের প্রচারের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছিল। আর সেখানেই সকলের নজরে আসে একটি কমেন্টে, যা সরাসরি মোদীকে খুনের হুমকি দিয়ে লেখা হয়েছিল।রিপোর্টে দাবি করা হয়েছে, আবু মুফাসা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়েছে। কমেন্টে লেখা ছিল, অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের ছাদ যেন বন্ধ থাকে, না হলে অস্ট্রেলিয়াতেই তাঁর মৃত্যু হবে। এই মন্তব্যটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।বিষয়টি তৎক্ষণাৎ অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের নজরে আনা হয়েছে।স্টেডিয়ামের নিরাপত্তা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর যাতায়াতের রুট, সবকিছুই কড়া নজরদারির আওতায় আনা হচ্ছে।
অস্ট্রেলিয়া প্রশাসনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, যেকোনও ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সম্পূর্ণ প্রস্তুত এবং দেশের মাটিতে ভারতের প্রধানমন্ত্রীর সুরক্ষায় কোনও খামতি রাখা হবে না।
