
শতাব্দীর ক্ষত আজ শান্তি পাচ্ছে, শতাব্দীর বেদনা আজ প্রশমন খুঁজে পাচ্ছে। অযোধ্যায় ঐতিহাসিক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর কথায়, পাঁচ শতকের দীর্ঘ সাধনা ও অপেক্ষার পর এক মহাযজ্ঞের পরিণতি ঘটল আজকের এই দিনে। এই যজ্ঞের অগ্নি কোনও দিন বিশ্বাস থেকে সরে যায়নি, কখনও আস্থার বন্ধন আলগা হয়নি,মন্তব্য প্রধানমন্ত্রীর। এর পরেই তিনি বলেছেন, আজ অযোধ্যা সাক্ষী থাকল ভারতের সাংস্কৃতিক চেতনার আর এক শিখর-স্পর্শের। আজ শুধু অযোধ্যা নয়— গোটা ভারত, গোটা বিশ্ব রামময়। রামভক্তের হৃদয়ে আজ অপরিসীম তৃপ্তি, অসীম কৃতজ্ঞতা আর অলৌকিক আনন্দের স্রোত।
প্রধানমন্ত্রীর বক্তব্যে বারবার উঠে আসে ঐতিহাসিক যাত্রাপথ এবং তার সমাপ্তির এই মুহূর্তকে ঘিরে সামষ্টিক আবেগ। তাঁর কথায়, আজ যে আনন্দ, তা বহু যুগের সাধনার ফসল— এক অবিচল বিশ্বাসের বিজয়।
