
দেশে ১০৩ অমৃত ভারত স্টেশনের তালিকায় জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের ৩ স্টেশন। পশ্চিম বর্ধমানের পানাগড়, নদিয়ার কল্যাণী ঘোষপাড়া এবং পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়।
রাজস্থানের সফরের মধ্যেই ভার্চুয়ালে অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমৃত ভারত প্রকল্পে সারা দেশের মোট ১৩ হাজার স্টেশনকে বেছে নেওয়া হয়েছে। এরমধ্যে শিয়ালদহ ডিভিশনের ১৮টি স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় পড়েছে। মূলত কল্যাণী বিশ্ববিদ্যালয়, এইমস হাসপাতালের জন্য গুরুত্ব রয়েছে এই ঘোষপাড়া স্টেশন। অন্যদিকে পুরুলিয়ার আদ্রা ডিভিশনের জয়চণ্ডী পাহাড় স্টেশন যাত্রী এবং মালবাহী পরিবহণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। পশ্চিম বর্ধমানের পানাগড় স্টেশনও বাণিজ্য এবং যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ জায়গা। অমৃত ভারত প্রকল্পের আওতায় যাত্রী সাচ্ছন্দ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।
লিফট, এসক্যালেটর, আরামদায়ক বিশ্রামের জায়গা, ওয়াইফাই পরিষেবা, উন্নত টয়লেট, প্ল্যাটফর্মে আধুনিক এন্ট্রি, এক্সিট পয়েন্ট, পার্কিংলট করা হয়েছে। এই স্টেশনগুলোয় স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।
