
পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের দিন সকালে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেছেন নরেন্দ্র মোদী। ডমরু, কাঁসর ঘণ্টা এবং শঙ্খধ্বনির আবহে প্রধানমন্ত্রীকে মন্দিরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় মন্দির চত্বরে।
মহাদেবের চরণে আরতি ও প্রার্থনা সেরে তিনি উত্তরপ্রদেশের উন্নয়নের কিছু কর্মসূচির উদ্বোধনে রওনা হন।উত্তরপ্রদেশের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প ৫৯৪ কিলোমিটার দীর্ঘ,গঙ্গা এক্সপ্রেসওয়ে-র শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। মিরাট থেকে প্রয়াগরাজ পর্যন্ত বিস্তৃত এই এক্সপ্রেসওয়ে রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। আপাতত এটি ছয় লেনের রাস্তা হলেও ভবিষ্যতে তা আট লেন পর্যন্ত সম্প্রসারণের ব্যবস্থা রাখা হয়েছে।অন্যদিকে,প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বারাণসী শহরে উৎসবের মেজাজ তৈরি হয়েছিল। বিশেষ করে লাহুরাবীর ক্রসিং সংলগ্ন এলাকায় সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
প্রধানমন্ত্রীর কনভয় যখন এগোচ্ছিল, তখন রাস্তার দু’ধারে দাঁড়ানো হাজার হাজার মানুষ হর হর মহাদেব এবং জয় শ্রী রাম ধ্বনিতে এলাকা কাঁপিয়ে তোলেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হাত নেড়ে এবং হাত জোড় করে আমজনতার অভিবাদন গ্রহণ করতে দেখা গিয়েছে।





