
সেনাবাহিনীর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে সোমবার ফোর্ট উইলিয়ামে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল সাড়ে ন’টায় বিজয় দুর্গে পৌঁছে যান তিনি।
বিরাট কনভয় নিয়ে ঢোকেন ফোর্টে। এলাকা মুড়ে ফেলা হয় নিরাপত্তার চাদরে। রবিবার সন্ধ্যায় অসম থেকে কলকাতায় আসেন তিনি। রাত কাটান রাজভবনে। সোমবার সকালে সরাসরি পৌঁছে যান ফোর্ট উইলিয়ামে। এই বৈঠকে তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান-সহ সেনার শীর্ষ কর্তারা। অপারেশন সিঁদুরের পর এটিই সেনা ও কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক। ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে কনফারেন্স। মূলত সীমান্ত স্ট্র্যাটেজি ও ভবিষ্যতের রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। ফোর্ট উইলিয়ামে দুপুর পর্যন্ত থাকবেন প্রধানমন্ত্রী।
এরপর বিহারের উদ্দেশে রওনা দেবেন। সেখানে একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর।
