পহেলগাঁওয়ের জবাব, মোদীর আড়াই ঘণ্টার বৈঠক

0
122
ছবি সৌজন্যে : এক্স

জম্মু এবং কাশ্মীরের পহেলগাঁওয়ে হত্যালীলার দ্রুত জবাব দেওয়া হবে,নয়াদিল্লির তরফে ইতিমধ্যে আশ্বাস দেওয়া হয়েছে দেশবাসীকে।

 এরই মধ্যে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠক করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি ,সিসিএস। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে বৈঠক।সন্ধ্যা ৬টায় শুরু হয়ে তা শেষ হয় রাত সাড়ে ৮টা নাগাদ।বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। সিসিএস-এর অন্যতম সদস্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। উপত্যকায় হত্যাকাণ্ডের খবর পেয়ে আমেরিকা-পেরু সফর কাঁটছাঁট করে দেশে ফিরছেন অর্থমন্ত্রী। তবে বুধবার সন্ধ্যায় মোদীর বাসভবনের বৈঠকের যে ছবিগুলি প্রকাশ্যে এসেছে, তাতে নির্মলা সীতারমণকে দেখা যায়নি। এর আগে মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলার খবর পেয়েই প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে পৌঁছে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত  শাহ। বুধবার সকালে শ্রীনগরে মৃতদের কফিনে শ্রদ্ধাজ্ঞাপন করেন। বুধবার বিকেলে দিল্লি ফিরেই তিনি পৌঁছে যান প্রধানমন্ত্রীর বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে।উল্লেখ্য,ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীরে অন্তত ৪২টি জঙ্গি ঘাঁটির সন্ধান পেয়েছে ভারত।ওই এলাকা লক্ষ্য করে সেনা হামলা চলছে বলেই খবর। অন্যদিকে, পহেলগাঁওয়ে হামলার জেরে ১৫০০ জনকে আটক করা হয়েছে।ধৃতদের প্রত্যেকেই অতীতে কোনওভাবে জঙ্গি সংগঠন বা হামলার সঙ্গে যুক্ত ছিল। আপাতত তাদের জেরা করা হচ্ছে। তবে মঙ্গলবার হামলা চালানো জঙ্গিরা সেই তালিকায় রয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।এর আগে বুধবার সকালে সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফেরার পরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও আলোচনা করেছেন তিনি।

তা ছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-ও বুধবার পৃথক ভাবে বৈঠক করেছেন অজিত ডোভালের সঙ্গে।