
দিল্লিতে বস্তি ভাঙা নিয়ে গুজব ছড়াচ্ছে আম আদমি পার্টি। ভোটপ্রচারে গিয়ে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভোটপ্রচারে কেজরিওয়াল-সহ আপ নেতাদের গলাতে শোনা যাচ্ছে ক্ষমতায় এলে বস্তিবাসীদের জায়গা কেড়ে নিয়ে সেখানে উচ্চবিত্তদের জন্য আবাসন বানাবে বিজেপি। আপের সেই দাবি নস্যাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে একটি বস্তিও ভাঙা হবে না। শুধু তা-ই নয়, একটি জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না বলে আশ্বাস দেন মোদী। তাঁর কথায়, বিজেপি শুধু আপ-দ-এর মতো ঘোষণা করতে হয় বলে করে না। বিজেপি বাজেটে সেটা করে দেখায়। মোদী জনসভা থেকে বলেছেন, আপ-দ-দের ছড়ানো গুজবে কান দেবেন না। দিল্লিতে একটি বস্তিও ভাঙা হবে না। করোনার সময় আপ পূর্বাচল ভাইদের দিল্লি থেকে চলে যেতে বাধ্য করেছিল। কিন্তু বিজেপি সরকার সকলে জন্য সাহায্য অব্যাহত রাখবে। অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন অরবিন্দ কেজরিওয়াল। চিঠিতে তিনি উদ্বেগপ্রকাশ করে লেখেন, দিল্লিতে আপ কর্মীদের উপর হামলা করা হচ্ছে।
তিনি চান রাজধানীতে নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করা হোক। সেই কথাও চিঠিতে উল্লেখ করেছেন আপ প্রধান।







