দাসত্বের মানসিকতা থেকে হিন্দু ধর্মকে আঘাত : মোদী

0
146
ছবি সৌজন্যে : এক্স

হিন্দু ধর্ম এবং দেশের প্রাচীন বিশ্বাস ও সংস্কৃতিকে আঘাত করার জন্য কয়েক জন নেতাকে লক্ষ্য করে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারও কারও দাসত্বের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

 তবে কোন প্রসঙ্গে কাদের তিনি নিশানা করছেন, তা স্পষ্ট করেন নি। মধ্যপ্রদেশের ছতরপুরে একটি মেডিক্যাল কলেজের শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারও নাম না-করেই বলেছেন, আজকাল দেখা যাচ্ছে কয়েক জন নেতা, ধর্মকে নিয়ে মজা করেন এবং মানুষকে ভাগ করার কাজে তাঁরা নিযুক্ত হন। অনেক সময় বিদেশি শক্তি দেশ এবং ধর্মকে দুর্বল করার জন্য এই সমস্ত ব্যক্তিকে সমর্থন করে। একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, হিন্দু ধর্মকে ঘৃণা করেন, এমন মানুষ কয়েক শতাব্দী ধরেই রয়েছেন।একইসঙ্গে তিনি বলেছেন,যাঁদের দাসত্বের মানসিকতা,তাঁরাই বিশ্বাস, ধর্ম, সংস্কৃতি, মন্দির এবং আদর্শকে আক্রমণ করে যাচ্ছেন।সমাজকে ভাঙা এবং একতাকে নষ্ট করাই এঁদের লক্ষ্য।প্রসঙ্গত, সম্প্রতি কুম্ভকে কেন মহাকুম্ভ বলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সমাজবাদী পার্টি-র প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব।

কুম্ভমেলা নিয়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকার টাকার অপচয় করছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনা-সহ একাধিক দুর্ঘটনার দিকে ইঙ্গিত করে মৃত্যুকুম্ভ বলেছিলেন।