
তৃতীয় বার নির্বাচিত হয়ে তিন গুণ বেড়ে গিয়েছে দায়িত্ব, তাই সকলের মত নিয়ে সরকার পরিচালনা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার অষ্টাদশ লোকসভা শুরুর আগে প্রধানমন্ত্রী জানিয়েছেন, নতুন বিশ্বাসের সঙ্গে নতুন উদ্যমে অধিবেশনের কাজ শুরু হবে। সহমতের ভিত্তিতেই কাজ করবে তাঁর সরকার।
উল্লেখ্য, এ বারের লোকসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।তাদের নেতৃত্বাধীন জোট ২৯২টি আসন পেলেও বিজেপি একক ভাবে পেয়েছে মাত্র ২৪০টি আসন।এ ছাড়া, কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট,ইন্ডিয়া পেয়েছে ২৩৩টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিজেপিকে সরকার গড়তে হয়েছে শরিক দলগুলির সাহায্যে।এই অবস্থায় জোট সরকারকে পারস্পরিক সহমতের ভিত্তিতে কাজ করতে হবে বলে বার্তা দিলেও অধিবেশন শুরুর আগের ভাষণে ইন্দিরা গান্ধীর আমলের কংগ্রেস সরকারকেও আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন,৫০ বছর আগে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সেটা দেশের অন্ধকার অধ্যায়।গণতন্ত্রের উপর কালো দাগ। আর কখনও সেই আঁধার নেমে আসবে না এই দেশে।একইসঙ্গে বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন,এখনও পর্যন্ত বিরোধীরা তাঁকে হতাশ করেছে। তবে আশা করছেন, সংসদে তারা সুষ্ঠু ভাবে তাদের দায়িত্ব পালন করবে। মানুষ স্লোগান নয়, কাজ চায়।








