
ভোটের বাংলায় কলকাতাতেই আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রথম দফার ভোট মিটতেই সকাল সকাল ক্যামরা হাতে, চোখে রোদচশমা লাগিয়ে গঙ্গাবক্ষে নৌকাবিহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজের এক্স হ্যান্ডেলে গঙ্গাবিহারের সেই মনোরম দৃশ্য পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রতিটি বাঙালির কাছে গঙ্গা একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এটা বলাই যায় যে, গঙ্গা বাংলার আত্মা দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে, নৌকায় বসে রয়েছেন প্রধানমন্ত্রী। পিছনে দেখা যাচ্ছে হাওড়া এবং বিদ্যাসাগর সেতু। আর অপরূপ সুন্দরী তিলোত্তমার রূপে মুগ্ধ প্রধানমন্ত্রী নিজের লেন্সবন্দি করেছেন বেশ কিছু মুহূর্তও । এক্স হ্যান্ডেলে মোদি এও লিখেছেন, সকালে কলকাতায় আমি হুগলি নদীর বুকে কিছু ক্ষণ সময় কাটালাম। মা গঙ্গাকে কৃতজ্ঞতা জানানোর একটা সুযোগও পেলাম।
একই সঙ্গে মোদী জানিয়েছেন, এই সফরে নৌকার সওয়ারি এবং প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে। সব শেষে মোদী লিখেছেন, আমরা উন্নত পশ্চিমবঙ্গ এবং বাঙালির উন্নতির যে প্রতিজ্ঞাবদ্ধ, সে কথা হুগলির উপর আরও এক বার উল্লেখ করছি।
