
ভারতের প্রতি-আক্রমণের ভয়ে পাক অধিকৃত কাশ্মীরের জনতাকে নিদেনপক্ষে দু’মাসের খাদ্য মজুত করে রাখার পরামর্শ দিয়েছে সেখানকার প্রশাসন। শুক্রবার পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরি আনোয়ারুল হক স্থানীয় বিধানসভায় জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখা লাগোয়া ১৩টি বিধানসভা কেন্দ্র এ সংক্রান্ত নির্দেশ জারি করা হয়েছে।
বাসিন্দাদের অন্তত ২ মাসের মতো অত্যাবশ্যকীয় রসদ মজুত করতে বলেছে স্থানীয় প্রশাসন। হকের বিবৃতি উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের প্রশাসন ১০০ কোটি টাকার একটি জরুরি তহবিল গঠন করেছে। এই টাকা খাদ্য, ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রীর সরবরাহ সুষ্ঠু রাখতে খরচ করা হবে।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, যুদ্ধের ভয়ে পাকিস্তান এয়ারলাইন্স পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এদিকে, ভারতের আগ্রাসী মনোভাব দেখে এর মধ্যেই পাক অধিকৃত কাশ্মীরের অধিকাংশ মাদ্রাসা আগামী ১০ দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।






