শাহরুখ খানকে খুনের হুমকি, ছত্তীসগঢ় থেকে গ্রেফতার যুবক 

0
163
শাহরুখ খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে ছত্তীসগঢ়ের রায়পুর থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম ফয়জান খান, পেশায় আইনজীবী।
শাহরুখকে খুনের হুমকির পাশাপাশি মোটা অঙ্কের টাকাও দাবি করেছিলেন ওই ব্যক্তি। ৭ নভেম্বর বান্দ্রা থানায় একটি উড়ো ফোনে ওই হুমকিবার্তা পাঠানো হয়। তাতেই বলা হয়, প্রাণে বাঁচতে হলে ৫০ লক্ষ টাকা দিতে হবে বলিউড বাদশা’কে। ঘটনার পরেই ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮-৪ এবং ৩৫১-৩ ধারায় অভিযোগ দায়ের করে তৎপরতার সঙ্গে তদন্তে নামে মুম্বই পুলিশের একটি দল। ফোনের টাওয়ারের সূত্র ধরে সেই দিনই ওই ব্যক্তিকে শনাক্ত করে ফেলেন তদন্তকারীরা। জানা যায়, ছত্তীসগঢ়ের রায়পুর থেকে ওই হুমকিবার্তা পাঠানো হয়েছে। খবর পাওয়া মাত্রই ছত্তীসগঢ়ে পৌঁছয় মুম্বই পুলিশের একটি দল।  এর পরেই মঙ্গলবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।ফয়জানের দাবি, ২ নভেম্বর তাঁর ফোনটি চুরি হয়ে যায়। এর পর স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন ফয়জান। মুম্বই পুলিশের তদন্তকারী দলকেও সে কথা জানিয়েছিলেন তিনি। দাবি করেছিলেন, চুরি হয়ে যাওয়া ফোনটি ব্যবহার করে অন্য কেউ শাহরুখকে হুমকি দিয়েছেন।
চলতি সপ্তাহেই জিজ্ঞাসাবাদের জন্য বান্দ্রা থানায় গিয়ে হাজিরা দেওয়ার কথা ছিল ফয়জানের। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হাজিরা দেননি তিনি।
ছবি  সৌজন্যে :  এক্স