
দিল্লির পার্শ্ববর্তী তিন রাজ্যে হানা দিয়ে তিন জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে হানা দেন তদন্তকারীরা।
ওই অভিযানেই পাকড়াও করা হয় তিন সন্দেহভাজনকে। এই তিন জনকেই পাকিস্তান থেকে মদত জোগানো হচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছেন তদন্তকারীরা। ধৃতেরা পাকিস্তানের মদতে গ্যাংস্টার থেকে সন্ত্রাসী হয়ে উঠেছিল বলে দাবি করা হচ্ছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে দিল্লি পুলিশের স্পেশাল সেলের তিনটি পৃথক দল তিন রাজ্যে হানা দেয়। ওই অভিযানে পাঞ্জাব থেকে পাকড়াও করা হয় হরগুণপ্রীত সিং-কে।মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় বিকাশ প্রজাপতি-কে। উত্তরপ্রদেশের বিজনৌর থেকে ধরা পড়েন আরিফ।
এই তিন জনের সঙ্গে পাকিস্তানের কার যোগাযোগ ছিল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, সন্ত্রাসবাদী সন্দেহে এই তিন ধৃতের সঙ্গে পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাট্টির যোগাযোগ ছিল। যদিও দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফে এ বিষয়ে নির্দিষ্ট ভাবে কিছু জানানো হয়নি। শুক্রবারই গ্যাংস্টার আনমোল বিশ্নোই আদালতে দাবি করেন, এই শাহজাদ তাঁকে খুনের হুমকি দিয়েছেন।
